বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, 'প্রতিভাবান ও সৃজনশীল যুবসমাজই সোনার বাংলা গড়ার কারিগর।'
তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে প্লাটফর্ম তৈরি করা হয়েছে এবং হচ্ছে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'ইয়াং বাংলা, ইনভেশন ডেভেলপমেন্ট ফোরাম ও বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল এ নিয়ে কাজ করছে।'
নসরুল হামিদ শুক্রবার নটরডেম কলেজ মিলনায়তনে এই কলেজের বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত 'বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৬'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, 'আমরা ডেমোগ্রাফিক ডেভিডেন্ট-এ আছি, তার সঠিক ব্যবহার করে উন্নত প্রযুক্তির সুফল ভোগ করতে হবে।'
নটরডেম কলেজে দু'দিনব্যাপী বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৬ চলবে। এতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠান হবে। ফেস্টে ৪০টি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছে।
এ ফেস্টের মাধ্যমে বিজনেস স্টাডির ছাত্ররা আগামীতে তাদের করণীয়, চাকুরীর সুযোগ, ভবিষ্যতের সম্ভাবনা এবং বাংলাদেশের কর্পোরেট কালচার সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নটরডেম বিজনেস ক্লাবের সভাপতি রাফাত মোস্তফা, ক্লাবের মডারেটর ও শিক্ষক ফারজানা হোসেন, ছাত্র পরিচালনা পরিষদের প্রধান ফাদার আন্তনি সুশান্ত গোমেজ এবং বিজনেস পরিষদের প্রধান ড. ফাদার লিটন সিউবার্ট গোমেজ বক্তব্য রাখেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
