খিলগাঁওয়ে মোটরচালক লীগ নেতার লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৮
রাজধানীর খিলগাঁওয়ে মোটরচালক লীগ নেতা ও হোটেল ব্যবসায়ী জয়নাল মিয়াকে (৩২) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব গোড়ানের ১০ নম্বর রোডের কাইয়ুম কমিশনার গলি থেকে শুক্রবার সকাল ৬টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জয়নাল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। জয়নাল সবুজবাগ থানার ৫ নম্বর ওয়ার্ডের মোটরচালক লীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি বরগুনা সদর উপজেলার নলিমাইঠার মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে। জয়নাল মিয়া সবুজবাগের পাকপাড়া এলাকার ১/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।    
 
জয়নাল মিয়ার ছোট ভাই ইব্রাহীম হাওলাদার জানান, তারা দুই ভাই মিলে বাসার সামনে ‘ভাই ভাই হোটেল’ নামে একটি রেস্টুরেন্টের ব্যবসা করেন। গত বৃহস্পতিবার রাত ১২টায় তার বড় ভাই জয়নাল হোটেলের জন্য কাঁচামাল আনতে কাওরানবাজার যান। শুক্রবার ভোর ৬টায় তার ভাইয়ের মোবাইল থেকে কেউ একজন ফোন দিয়ে তার ভাইয়ের লাশ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 
খিওগাঁও থানার এসআই শুভঙ্কর রায় জানান, খবর পেয়ে সকাল ৭টায় গোড়ানের দুই বাড়ির দেয়ালের মাঝে ওড়না গলায় পেঁচানো অবস্থায় জয়নালের লাশ উদ্ধার  করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রীর নাম লাকি বেগম। 
 
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে তেমন কোন ধারণা দিতে পারছে না। পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান চলছে।  
 
 
 
ইত্তেফাক/এমআই