বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহকে শুক্রবার চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া ঘাগুটিয়া চালাবাজার হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। আ স ম হান্নান শাহের দুই ছেলে রিয়াজুল হান্নান ও রেজাউল হান্নান ছাড়াও জানাজায় শরীক হন বিএনপির স্থায়ী কমিসটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, এমএজেড জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হান্নান শাহ গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির সূত্র জানায়, হান্নান শাহের লাশ বুধবার বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়। লাশ ঢাকায় আনার পর মহাখালীর বাস ভবনে নেয়া হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বুধবার রাতে হান্নান শাহ'র লাশ দেখতে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসভবনে যান। পরে লাশ সিএমএইচ-এর মরচুয়ারিতে রাখা হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
