প্রবীণরা যাতে সুখ-শান্তি এবং মর্যাদার সাথে বাঁচতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল ১ অক্টোবর 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, 'চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতিতে বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে পৃথিবীর সব দেশেই প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।'
প্রবীণ জনগোষ্ঠী সমাজে সম্মান ও শ্রদ্ধার পাত্র উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'তাদের মেধা, মনন ও কর্মময় জীবনের পথ বেয়েই সভ্যতা ও উন্নয়ন এগিয়ে চলেছে। তাই প্রবীণ ব্যক্তিদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ তাদের শারীরিক ও মানসিক স্বস্তি নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।'
বাণীতে আবদুল হামিদ বলেন, 'দেশের বিদ্যমান আর্থিক ও সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দেখা যায় অনেক প্রবীণ ব্যক্তি অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক দৈন্য এবং সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। এতে প্রবীণদের মৌলিক ও মানবিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।'
সরকার প্রবীণদের কল্যাণে বয়ষ্কভাতা, চিকিৎসাসেবা প্রদানসহ সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে বলে উল্লেখ করে তিনি বলেন, 'সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এবং কল্যাণমূলক সংগঠন প্রবীণদের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।'
আন্তর্জাতিক প্রবীণ দিবসে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবীণের সুস্বাস্থ্য, স্বস্তিময় ভবিষ্যৎ এবং তাদের কল্যাণ কামনা করেন। রাষ্ট্রপতি আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৬ উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
