কলকাতা টেস্টের প্রথম দিনটি হেনরি ও প্যাটেলের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৯
ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও অফ-স্পিনার জিতেন প্যাটেল। শুক্রবার হেনরি ও প্যাটেলের বোলিং দৃঢ়তার সামনে প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৭ উইকেটে ২৩৯ রান করতে পেরেছে ভারত। হেনরি ৩ ও প্যাটেল ২ উইকেট নেন। 
 
চেতেশ্বর পূজারা ৮৭ ও আজিঙ্কা রাহানে ৭৭ রান করেন। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের হয়ে ইনিংস শুরু করেন মুরালি বিজয় ও শিখর ধাওয়ান। লোকেশ রাহুল ইনজুরিতে পড়ায় এ ম্যাচে সুযোগ পান ধাওয়ান। কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই আউট হওয়া ধাওয়ান করেন ১ রান। 
 
এরপর শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টায় ছিলেন বিজয়। সাথে ছিলেন পূজারা। কিন্তু পূজারার সাথে বড় জুটি গড়তে পারেননি বিজয়ও। ৯ রান করে ফিরে যান তিনি। ফলে ২ উইকেটে ২৮ রানে পরিণত হয় ভারত। দুই ওপেনারকেই ফিরিয়েছেন হেনরি। 
 
এমন পরিস্থিতি ভারত তাকিয়ে ছিলো দলপতি বিরাট কোহলির ব্যাটের দিকে। প্রত্যাশা ছিলো বড় ইনিংস খেলবেন তিনি। কিন্তু চার নম্বরে ব্যাটিং-এ নেমে ৯ রানের বেশি করতে পারেননি কোহলি। তাতে মহাচাপে পড়ে যায় ভারত।
 
এই মহাচাপকে সামাল দেয়ার পণ করেন পূজারা ও পাঁচ নম্বরে নামা আজিঙ্কা রাহানে। বেশ সর্তকতার সাথে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে সামাল দেন তারা। ফলে দলীয় স্কোর ৫০, ১০০ এমনকি ১৫০ রানও অতিক্রম করে ফেলে। দলের স্কোরে রান যোগ করতে গিয়ে পূজারা ও রাহানেও স্পর্শ করে ফেলেন হাফ-সেঞ্চুরি। 
 
হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির স্বপ্নও দেখাচ্ছিলেন পূজারা ও রাহানে। কিন্তু দু’জনই শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। দলীয় ১৮৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পূজারা ফিরেন নামের পাশে ৮৭ রান রেখে। তার ২১৯ বলের ইনিংসে ১৭টি দৃষ্টিনন্দন চারের মার ছিলো। পূজারা ফিরে যাবার ১৩ রান পর আউট হন রাহানেও। ১৫৭ বলে ১১টি চারের সহায়তায় এই ইনিংস খেলেন তিনি। পূজারার সাথে চতুর্থ উইকেটে ১৪১ রান যোগ করে কলকাতায় নতুন রেকর্ড গড়েন রাহানে। 
 
ভারতের হয়ে এই মাঠে এটি চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ফলে ভেঙ্গে যায় রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের ১৪০ রানের জুটিটি। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪০ রানের জুটি গড়েছিলেন দ্রাবিড় ও লক্ষ্মণ। নিউজিল্যান্ডের মার্ক ক্রেইগ ইনজুরিতে পড়ায় সিরিজের বাকি দু’টেস্টের জন্য দলে ডাক পান প্যাটেল। ফিরেই রাহানেকে শিকার করার পর রোহিত শর্মাকেও বিদায় দেন তিনি। রোহিত ২ রান করেন। আর দিনের শেষদিকে রবীচন্দ্রন অশ্বিনের উইকেটও হারায় ভারত। ৩৩ বলে ২৬ রান করে আউট হন তিনি। তবে ঋদ্ধিমান সাহা ১৪ ও রবীন্দ্র জাদেজা শূন্য রানে অপরাজিত আছেন। বাসস। 
 
ইত্তেফাক/এসএসএ