আজ ফুটবলারদের ভূটান প্রস্তুতি শুরু

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ০৮:৫১
ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য প্রাথমিক জাতীয় ফুটবল ঘোষণা করা হয়েছে। ৩৩ জনের তালিকায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। গত ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটানের বিপক্ষে জাতীয় দল থেকে বাদ পড়েন মামুনুল। অনুশীলন শুরু হওয়ার আগ মুহূর্তে মামুনুলকে বাদ দেয়ার প্রক্রিয়ায় কষ্ট পেয়ে অভিমানে তিনি অবসর নেয়ার ঘোষণা দিলেও অভিমান ভেঙে আবার জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
 
বাংলাদেশ ফুটবল দলের বেলজিয়ান কোচ টম সেইন্টফিট মামুনুলকে নিয়ে ফরোয়ার্ড সোহেল রানা, স্ট্রাইকার এমিলি, রক্ষণের ইয়ামিন মুন্নাকেও দলে নিয়েছেন। তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন জামাল ভুঁইয়া। জাতীয় দলে ভালো সার্ভিস দিলেও বেলজিয়ান কোচ তাকেও বাদ দিয়েছেন। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এবারই প্রথম প্রাথমিক জাতীয় দলের তালিকায় ঠাঁই পাননি। ৩৩ জনের মধ্যে রয়েছেন নতুন মুখ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের দুই ফরোয়ার্ড শেখ জামালের সারোয়ার জামান নিপু এবং আবাহনীর সাদউদ্দিন, তাকে কোনো ম্যাচ খেলতেও দেখা যায়নি।
 
কাগজে-কলমে বড় দল শেখ রাসেলের মাত্র তিনজন ফুটবলার প্রাথমিক দলে ডাক পেয়েছেন। মোহামেডানের দুইজন, এবার ব্রাদার্সের কোনো ফুটবলার ডাক পাননি। আবাহনী এবং  চট্টগ্রাম আবাহনীর আটজন করে ফুটবলার ডাক পেয়েছেন। আমন্ত্রিত ফুটবলারকে আজ দুপুর ১২টার মধ্যে বাফুফেতে জাতীয় দলের ফুটবল ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এশিয়ান কাপ ফুটবলের প্লেঅফ-২ ম্যাচ খেলার জন্য দল ডাকা হয়েছে। আগামী ১০ অক্টোবর ভুটানের রাজধানী থিম্পুিতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ। ঢাকার ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছিল।
 
প্রাথমিক তালিকায়
 
৩৩ ফুটবলার
 
গোলকিপার শহিদুল আলম সোহেল, তপু বর্মন, মামুন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, হেমন্তু ভিনসেন্ট বিশ্বাস, ইমন বাবু, জুয়েল রানা, সাদ উদ্দিন (আবাহনী), গোলকিপার  আশরাফুল ইসলাম রানা, রায়হান, ইয়ামিন আহমেদ মুন্না, রেজাউল করিম রেজা, মামুনুল ইসলাম, সোহেল রানা, রুবেল মিয়া, ইব্রাহিম (চট্টগ্রাম আবাহনী), গোলকিপার মাকসুদুর রহমান, এনামুল হক শরিফ, ইয়াসিন খান, এনামুল হক, সারোয়ার জামান নিপু (শেখ জামাল),আতিকুর রহমান মিশু, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি (শেখ রাসেল), মনসুর আমিন, আব্দুল্লাহ, জাফর ইকবাল (আরামবাগ), সোহেল মিয়া, মাহবুব হাসান নয়ন, দিদারুল আলম (রহমতগঞ্জ), গোলকিপার নেহাল, মাসুক মিয়া জনি (মোহামেডান), সোহেল রানা (বিজেএমসি)।