কুমিল্লায় ব্যাংক গ্রাহকের লুণ্ঠিত টাকা উদ্ধার, গ্রেফতার ৭

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:২৪
 
কুমিল্লায় ডিবির অভিযানে ব্যাংকের দুই গ্রাহকের লুণ্ঠিত সাড়ে সাত লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এসময় সাতজন সন্ত্রাসীকে গ্রেফতারসহ তাদের নিকট থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
 
 
গ্রেফতারকৃতরা হলেন- রুবেল মিয়া ওরফে দাগী রুবেল (২৫), শিবলী ওরফে শিবলু (২১), ইবনে আশফাত ইকবাল ওরফে ফারহান (২৯), সাইফুল ইসলাম ওরফে রনি (২১), মিরাজুল সাকিব ওরফে সানি (২০), আরিফুল জাহান পুর্ণ (১৯) ও জিয়াউল হক ফাহিম।
 
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জেলার চৌদ্দগ্রামের ধনিজকরা এলাকার খলিলুর রহমান সাড়ে চার লাখ টাকা এবং তার বন্ধু কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার আবদুস ছাত্তার তিন লাখ টাকাসহ উভয়ে মোট সাড়ে সাত লাখ টাকা নগরীর চকবাজার এলাকার ব্র্যাক ব্যাংক থেকে উত্তোলন করেন। তারা রিকশাযোগে নগরীর মনোহরপুর এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা লুট করে নেয়। এ বিষয়ে ব্যাংক গ্রাহক আবদুস সাত্তার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
 
ঘটনার একদিন পর শুক্রবার রাতে ডিবির এসআই সহিদুল ইসলাম ও এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল জেলার ময়নামতি এলাকা থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ নগরীর উত্তর চর্থা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল মিয়াকে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পরে আরো ছয়জনকে বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে লুণ্ঠিত সাড়ে ৭ লাখ টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত সন্ত্রাসী ফারহানের নিকট থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, টাকা লুটের ঘটনায় নগরীর আটজন চিহ্নিত সন্ত্রাসী অংশগ্রহণ করে। এর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অপর সন্ত্রাসীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএস