ক্যারিয়ারের ৭ম ওয়ানডে সেঞ্চুরি তোলার পরে ১১৮ রানে ফিরে গেছেন তামিম ইকবাল। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শত রানের এই ইনিংসের পরে মোহাম্মদ নবীর বলে নাভিন উল হকের হাতে ধরা পড়েন তিনি।
১১৮ বলে ১১৮ রানের ইনিংসের পথে ১১টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৩৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করেছে বাংলাদেশ।
দলীয় ২৩ রানে সৌম্য সরকারের উইকেটের পতন হয়। মিরওয়াইস আশরাফের বলে মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সৌম্য। কিন্তু এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়ে নিতে থাকেন তামিম। সাব্বির ও তামিমের মধ্যে ১৪০ রানের জুটি ভাঙ্গেন রহমত শাহ। ব্যাটে বলে টাইমিং না হওয়ায় নওরোজ মাঙ্গালের হাতে ধরা পড়ার আগে নিজের তৃতীয় অর্ধশত রান তুলে নিয়েছিলেন সাব্বির, ৭৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৫। দলীয় ১৬৩ রানে সাব্বির ফেরত যাওয়ার পরে সাকিবের সঙ্গে তামিমের জুটি জমে ওঠে। দাওলাত জাদরানের করা ৩৭তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিটি তুলে নেন তামিম।
