বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে। দেশ তার অস্তিত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।
শনিবার দুপুরে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, এ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন আবার কীভাবে ক্ষমতায় আসা যায় সেই চেষ্টা করছে। সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের (এনটিএ) সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
সেমিনারে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী, আইইবির সাবেক সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
ইত্তেফাক/ইউবি
