শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'মুসলিম নামধারী একটি গোষ্ঠী দেশের মেধাবী তরুণদের ইসলাম কায়েম এবং বেহেস্তে যাওয়ার বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জঙ্গিবাদে লিপ্ত করছে।'
তিনি বলেন, 'জঙ্গিদের জন্যই শান্তির ধর্ম ইসলাম নিয়ে বিশ্বজুড়ে এতো বিভ্রান্তি তৈরি হচ্ছে।জঙ্গিবাদের মধ্যদিয়ে ইসলাম কায়েমের কোন পথ নেই। যারা এভাবে ইসলাম কায়েম করতে চায় তারা অন্ধ।'
শনিবার সকালে বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে 'শিক্ষার উন্নত পরিবেশ-জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সভাপতিত্ব করেন।
'জঙ্গিদের ব্যাপারে ছাত্র-শিক্ষক সকলকে সচেতন থাকতে হবে' এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'কারণ, ছাত্র-শিক্ষক কেউই জঙ্গিদের নজরের বাহিরে নয়।' তিনি বলেন, 'জঙ্গি দমনে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। সকলকে এক সাথে নিয়ে প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'
মন্ত্রী আরো বলেন, 'কোন শিক্ষক-শিক্ষার্থী যেন বিপথগামী না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি ছাত্র কিংবা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকে তাহলে তাদের বিষয়ে খোঁজ নিতে হবে।'
শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা সন্তান বা শিক্ষার্থীর প্রতি আন্তরিক হওয়ার চেষ্টা করুন। মাসে একটি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা করুন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়িয়ে শিক্ষার্থীদের তাতে সম্পৃক্ত করুণ।' -বাসস।
ইত্তেফাক/এসএস
