ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০৯:১০
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শততম জয়ের অংশীদার হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার রাতে আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা।
 
গতকাল রাতে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পাওয়ায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
 
তামিম ইকবালের সেঞ্চুরি এবং মোশারফ হোসেন রুবেলের তিন উইকেট শিকারের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে। আফগানিস্তানের বিরুদ্ধে ১৪১ রানের এ জয়ের সুবাদে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ জয় করে এবং নিজ মাঠে এটি ছিলো স্বাগতিকদের টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়।