দীর্ঘদিন পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে খেলতে নেমে সুবিধা করতে পারছেন না জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ০, ২০ এবং ১১ রান করা এই মারমুখে ব্যাটসম্যানকে ফর্মে ফেরাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হয়েছে সৌম্যকে। তার সঙ্গে আছেন সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকা ইমরুল কায়েস এবং নাসির হুসেন। ৪ অক্টোবর ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওয়ানডে ফর্মেটের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৩ সদস্যের দল ঘোষণা করে। বিসিবির ঘোষিত একাদশে থাকা ক্রিকেটারদের সোমবার বিকাল তিনটার মধ্যে ক্রিকেট অপারেশন কমিটির সহকারী ম্যানেজার শরিফুল ইসলাম সেলিমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে। দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে গত শুক্রবার রাতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হুসেন, শুভাগত হোম চৌধুরী, মোঃ আল-আমিন, নূরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, এবাদত হোসেন ও মো. মানিক।
