প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেলের ফুটবলার জামাল ভূঁইয়ার খেলা পছন্দ হয়নি বলে তাকে প্রাথমিক জাতীয় দলে ৩৩ জনের তালিকায় রাখা হয়নি। তবে মামুনুল ইসলামকে নিয়েছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। এই নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন জামাল লিগে যে পারফরম্যান্স করছে সেটা তার পছন্দ হয়নি। তাহলে মামুনুলকে পছন্দ কিভাবে। কোচ বললেন, ‘আমি স্পেসিফিক প্লেয়ার দেখিনি।’
জাতীয় দলের ম্যানেজার সাবেক ফুটবলার ইকবাল হোসেন বললেন, ‘কোচই খেলোয়াড় পছন্দ করছেন। আমরাও বিষয়টা নিয়ে মাথা ঘামাই না। তার পছন্দকে গুরুত্ব দিচ্ছি সবাই। উনি কাকে বাদ দেবেন আর রাখবেন সেটা কোচই নির্ধারণ করছেন।’
আগামী ১০ অক্টোবর ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ফুটবল ম্যাচ থিম্পুতে। এশিয়ান কাপ ফুটবলের বাছাই প্লেঅফ-২ ফিরতি ম্যাচটিতে খেলার জন্য গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে। ৩৩ খেলোয়াড় ডাকা হলেও গতকাল দুপুরে ক্যাম্পে এসেছেন অল্প কয়েকজন। এরা হলেন পুনরায় দলে ফেরা এমিলি, মামুন মিয়া, শাখাওয়াত হোসেন রনি, হেমন্ত, মিশু, ফাহাদ, গোলকিপার নেহাল, গোলকিপার সোহেল। সোহেল মাঠে নামতে পারেননি কারণ তার ইনজুরি আছে। যে কারণে মুক্তিযোদ্ধার গোলকিপার মামুন খানকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ইকবাল। সিলেটে লিগ চলছে। ডাক পাওয়া খেলোয়াড়রা পালাক্রমেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার।
ভুটানের যেখানে খেলা হবে সেই মাঠে খেলতে হলে বাংলাদেশের ফুটবলারদের ফিটনেস থাকতে হবে বেশি। কারণ মাঠ অনেক উঁচুতে বলে জানিয়েছেন কোচ টম সেইন্টফিট। উদাহরণ দিয়ে সেইন্টফিট বললেন, ‘মালদ্বীপ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের শেষ দিকে গিয়ে মালদ্বীপের খেলোয়াড়রা হাঁপিয়ে উঠে। ফিটনেস সমস্যায় ভুগতে থাকে।’ টম সেইন্টফিট মনে করেন মালদ্বীপের খেলোয়াড়দের যে পরিস্থিতি হয়েছে তার চেয়েও খারাপ হতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের।
কোচ আশংকায় আছেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে চান কোচ। ফিটনেস নিয়ে শংকায় থাকা এই কোচ বললেন, ‘আমাকে ভিন্ন একটা পরিকল্পনা বের করতে হবে। যেন ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ফিটনেস সমস্যাটা বড় হয়ে না দেখা দিতে পারে।
কম খেলোয়াড় থাকার কারণে গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন ফুটবলাররা। আজ হতে কমলাপুর স্টেডিয়ামে টার্ফে অনুশীলন হবে।
ভুটানের বিপক্ষে বাংলাদেশ যদি ১-১ গোলে ড্র করে তাহলেও বাংলাদেশ বাছাইয়ে চলে যাবে। বেলজিয়ান কোচ সেইন্টফিট চাইছেন এই যাত্রায় ভুটান ম্যাচটা অতিক্রম করে আসতে পারলে পরবর্তীতে হাতে লম্বা সময় পাওয়া যাবে যখন পুরো দলটাকে ভেঙে নতুন করে সাজানো হবে। সেকারণেই কিছু তরুণ ফুটবলারও ডাকা হয়েছে।
ইত্তেফাক/এমএইচ
