সোয়ানসিকে হারিয়ে লিভারপুলের জয়

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১১:৪৭
ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারাল লিভারপুল। শনিবার পিছিয়ে পড়েও ব্রাজিলের মিডফিল্ডার রবের্ত ফিরমিনো ও ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনারের গোলে জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল।
 
এদিন নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত সোয়ানসি। কিন্তু চার গজ দূর থেকে নেওয়া বোর্হা বাস্তনের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। তবে এর ৩ মিনিট পর পাওয়া ‍সুযোগ আর ভুল করেনি সোয়ানসি।
 
কর্নার থেকে জর্দি আমাত বক্সের মধ্যে বল পাঠালে আলতো টোকায় বল জালে জড়ান লেরয় ফের।
 
এরপর ৫৪তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ফিরমিনো। ফিলিপে কৌতিনিয়োর ফ্রি-কিক সোয়ানসির খেলোয়াড়দের গড়া দেয়ালে লেগে ফিরে আসে। জর্ডান হেন্ডারসন তা ফেরত পাঠালে নিখুঁত হেডে বল জালে জড়ান ব্রাজিলের ফিরমিনো।
 
৮৪তম মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলের জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জেমস মিলনার। সোয়ানসির স্প্যানিশ ডিফেন্ডার আনহেল রানহেল ডি-বক্সে ফিরমিনোকে ধাক্কা দিলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
 
এই জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল অলরেডসরা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। গোল ডটকম
 
ইত্তেফাক/এমএইচ