মির্জাপুরে আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৩:৫১
 
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ এলাকায় পারমেজ সাউথ ইস্ট এশিয়া লিমিটেডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে মিলের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার এই অগ্নিকাণ্ড হয়।
 
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান জানান, রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে ঐ মিলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে মিলে ছড়িয়ে পড়লে মিলের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মিলের কর্মকর্তা কর্মচারী ও ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 
মিলের জেনারেল ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, প্রডাকশন ম্যানেজার দেবরাজ কুমার দে ও ম্যানেজার ম্যানটেইন্যান্স রাখাল চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছেন।
 
এ ব্যাপারে মিলের প্রডাকশন ম্যানেজার দেবরাজ কুমার দে বাদী হয়ে মির্জাপুর থানায় একটি অভিযোগ করেছেন বলে মিলের অন্যতম সদস্য মো. সালাউদ্দিন আহমেদ ঠান্ডু জানিয়েছেন।
 
ইত্তেফাক/এএসএস