স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই বাস দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২১:০৩
স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। বাসটি বাঁক নিতে গিয়ে কাত হয়ে পড়ে যায় বলে শনিবার জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন। 
 
 
শনিবার বিকেলে স্কটিশ প্রিমিয়ারশিপে পার্টিক থিস্টলের বিপক্ষে ম্যাচ দেখার জন্য গ্লাসগো রেঞ্জার্সের সমর্থকদের নিয়ে আইব্রক্স স্টেডিয়ামের দিকে যাচ্ছিল বাসটি। এসময় ড্রাইভার ছাড়াও ৩৬জন দর্শক বাসটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। যাত্রাপথে সাউথ গ্লাসগোর আয়ারশায়ার নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।’
 
 
ওই ম্যাচে স্বাগতিক রেঞ্জার্স ২-০ গোলে পার্টিক টিসলকে পরাজিত করে। ম্যাচ শেষে রেঞ্জার্সের সহকারী কোচ ডেভিড উইয়ার বলেন, ‘খেলার চেয়ে এই দুর্ঘটনাটি অনেক বেশী গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের চিন্তা জুড়ে ছিল নিহত ওই সমর্থক এবং তার পরিবারের সদস্যদের বিষয়ে।’
 
 
একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি বাঁক নেয়ার সময় পার্শ্ববর্তী ঝোপঝাড়ে গিয়ে কাত হয়ে পড়ে যায়। পুলিশ জানায়, এ দুর্ঘটনায় আহত ১৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকা জনক। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ