রাজধানীতে তিনটি খাবার বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রবিবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান জানান, গুলশান ১ নম্বর সেকশনের ১ নম্বর রোডের ফুড হাউসে ( বাড়ি নম্বর-৪/এ) নোংরা পরিবেশ, পোড়া তৈল ব্যবহার এবং অতিরিক্ত দামে খাবার বিক্রয় করায় ব্যবস্থাপক বাবু মিয়া’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তর বাড্ডার ৩৯৯, স্বাধীনতা স্বরণী রোডস্থ আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টস-এর মিষ্টিতে মাছি থাকায় ও খাবার পণ্যের প্যাকেটের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ব্যবস্থাপক জুয়েল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক/৮৫/৩, শাহজাদপুর বাসস্ট্যান্ডস্থ তৃপ্তি হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারের মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ব্যবস্থাপক নুরুল ইসলামকে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
