রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে বঙ্গভবনে রবিবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
কার্ড হস্তান্তর করার পর সিইসি জাতীয় পরিচয়পত্র বিতরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য রাষ্ট্রপতিকে অবহিত করতে গিয়ে বলেন, 'সব ভোটারকে ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কার্ড দেয়া হবে।'
তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বলেন, 'এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।' বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান।
আবদুল হামিদ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রচেষ্টার প্রশংসা করে বলেন, 'এই কার্ড প্রবর্তনের একটি ভাল উদাহরণ হচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।' এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র কাজী রকিবউদ্দীন আহমেদের কাছে হস্তান্তর করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
