র‍্যাম্পে হাঁটলেন চম্পা

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২১:৩৪
গুণী অভিনেত্রী চম্পা। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তিনি। এখনো চলচ্চিত্রের পাশাপাশি নাটকে অভিনয় করছেন তিনি। তবে অভিনয়ে আসার আগে তার ইচ্ছে ছিল মডেল হওয়ার। কিন্তু সেই ইচ্ছে আর পূরণের সুযোগ হয়নি। হয়ে যান পুরোদস্তুর চলচ্চিত্র নায়িকা। তবে এতো বছর পরে হলেও তার সেই মডেলিংয়ের ইচ্ছে পূরণ হলো তার।
 
শনিবার ঢাকার হোটেল ওয়েস্টিনের বলরুমে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে জমকালো পোশাকে র‍্যাম্পে ক্যাটওয়াক করেছেন চম্পা। ক্যাটওয়াক শেষে তিনি বলেন, ‘ইচ্ছে ছিল মডেলিং করবো। কিন্তু অভিনয় শুরু করার পর এটা নিয়ে এতোটা ব্যস্ত হয়ে গেলাম যে, ওদিকটায় আর কিছু হলো না। এখন তো বয়স হয়ে গেছে। তবুও মনে হয় সেই ইচ্ছেটা যদি পূরণ হতো। ভাবতে পারিনি ইচ্ছেটা পূরণ হয়ে যাবে! ভালো লাগলো শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ হলো।’
ইত্তেফাক/এমএএস