আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে ও জামায়াত-শিবিরের পরিকল্পনায় দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অতি স্বল্প সময়ে দেশে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে। যা বিশ্বে এখন মডেল হিসাবে বিশ্ব নেতৃবৃন্দও প্রশংশা করছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে গতকাল রবিবার বিকাল চারটায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জঙ্গিবাদ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়পুরহাট জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলা্য়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম ছাড়াও বক্তব্য রাখেন জাসদ (ইনু) স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য এম এ গনি, গণআজাদী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্যা খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা আনোয়ারুল হক বাবলু, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেনসহ স্থানীয় ১৪ দলের নেতৃবৃন্দ। এর আগে মন্ত্রী মোহাম্মদ নাসিম পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং পরে আধুনিক জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে নার্সিং ইন্সটিটিউটে আয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
ইত্তেফাক/এএন
