প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মাধ্যমে জীবনহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সরকার ঢাকা ও রংপুরে আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।
নতুন এই রাডার ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কালবৈশাখী, টর্নেডো, সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসকে দৃশ্যত আরো বেশি সমন্বিত বিশ্লেষণ করা সম্ভব হবে বলে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়।
প্রকল্পের আওতায় ঢাকা ও রংপুরে পুরানো রাডার ব্যবস্থার পরিবর্তে আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করা হবে। এর মাধ্যমে আবহাওয়া অধিদফতরের অপর তিনটি রাডার-কক্সবাজার, খেপুপাড়া এবং মৌলভীবাজারের সঙ্গে আন্তঃযোগাযোগ স্থাপন করে পূর্বাভাসগুলো একই প্লার্টফর্মে নিয়ে আসা সম্ভব হবে।
আবহাওয়া বিভাগ জানায়, ১৫ বছর আগে স্থাপিত হওয়ায় রংপুরে রাডার ব্যবস্থাটির সক্ষমতার সময়কাল অতিক্রান্ত হওয়ায় এখন এটি নিস্ক্রিয় হয়ে পড়েছে এবং বহুতল ভবনের কারণেও ঢাকা থেকে পাঠানো টেলিকমিউনিকেশন তরঙ্গ বাধাগ্রস্ত হচ্ছে।
এছাড়া, বিশ্ব বাজারে রাডারগুলোর খুচরা যন্ত্রাংশ এখন আর পাওয়া না যাওয়ায় নতুন রাডার স্থাপনের এখন আর কোনো বিকল্প নেই।
ইত্তেফাক/এএম।
