আন্দোলনকারীদের কারণে সরকার অধিক গুরুত্ব দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পরিবেশ ও বন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংলাপে তিনি এ কথা বলেন। ন্যাশনাল এনার্জি প্লান এন্ড পলিসিস শীর্ষক সংলাপের আয়োজন করে খ্রিস্টান এইড।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করছেন তাদের আমি সাধুবাদ জানাই। কারণ তাদের কারণেই সরকার এই প্রকল্পে অধিক গুরুত্ব দিয়েছে। যাতে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের কোনো প্রকার ক্ষতি না হয়।’
রামপাল নিয়ে উদ্বেগ ভালো তবে অতিমাত্রায় উদ্বেগ ভালো না বলেও মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে ১১ শতাংশ সোলার বিদ্যুত্ বাস্তাবায়ন করবে। তবে এটা বাড়ানো প্রয়োজন। ২০২১ সালে যদি ১০ শতাংশ করা যায় তাহলে ২০৪১ সালে ২৫ শতাংশ হওয়া প্রয়োজন।
ইত্তেফাক/এএম।
