সীমানা নির্ধারণ সম্পন্নের পর জেলা পরিষদ নির্বাচন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২০:৪০
সংসদকাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদকে জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সীমানা নির্ধারণ সম্পন্ন হলেই সরকার জেলা পরিষদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে। স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের সীমানা নির্ধারণের কাজ করছে। সরকার প্রজ্ঞাপন দ্বারা নির্ধারণ করলে নির্বাচন কমিশন সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 
 
সোমবার সংসদে প্রশ্নোত্তরপর্বে জাসদের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
মন্ত্রী জানান, জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশোধন করে প্রণীত অধ্যাদেশে নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ায় বিধি প্রণয়নের কাজ চলমান রয়েছে। দেশে ৬১ জেলা পরিষদের পদ সংখ্যা ১ হাজার ২৮১টি।
 
সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এই জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভূতপূর্ব দাশিয়ারছড়া ছিটমহল এলাকা হতে একযোগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমিকভাবে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী নিবন্ধিত সকল নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেয়া হবে। 
 
 
ইত্তেফাক/এমআই