ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো গাড়িতে কোটি টাকার ইয়াবা, গ্রেফতার ১

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২১:১০
রাজধানীর সেগুনবাগিচা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ইউসুফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
গ্রেফতারকৃত ইউসুফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহার করা ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো একটি পাজেরো জিপ গাড়ি জব্দ করা হয়। 
 
গত রবিবার রাতে শিল্পকলা একাডেমীর দক্ষিণ পাশে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ৫০ হাজার ইয়াবার মূল্য ১ কোটি টাকা। 
 
ডিএমপি’র মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে রবিবার রাতে মাদক বিক্রির সময় হাতেনাতে ইউসুফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার ইয়াবাসহ একটি ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-০২-১৬৪৯) জব্দ করা হয়। জিপটি মাদকব্যবসার কাজে ব্যবহার করতো ইউসুফ। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ জানান, পাজারো জিপে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো থাকলে সরকারি গাড়ি ভেবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গাড়ি চেক করা থেকে বিরত থাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। 
 
তিনি আরো জানান, চট্টগ্রামের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কায়দায় ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো জিপে এনে রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছেন। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার ঢেকিলার বিল এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।