বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক তুঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এটা একটা বড় সুযোগ। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।
সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই ও ইন্ডিয়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (আইইইএমএ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ১৮ নভেম্বর ভারতের কলকাতার মিলান মেলা গার্ডেনে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের রোড শো উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি দেশে এখনো মানসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে না উল্লেখ করে বলেন, অনেক প্রতিষ্ঠান বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করছে। তবে উদ্যোক্তাদের গুণগত মানের প্রতি খেয়াল রাখতে হবে।
সভায় আইইএমএ ইনসুলেটর ডিভিশনের চেয়ারম্যান এ কে ঘোষ বলেন, কলকাতার মিলান মেলা গার্ডেনে বিদ্যুৎ খাতের যাবতীয় বিষয় নিয়ে এটি একটি বড় ধরনের আয়োজন। যেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারবে। এ সময় উভয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
