পর্যাপ্ত নথিসহ জেল আপিল পাঠাতে কারা কর্তৃপক্ষকে চিঠি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:২৩
পর্যাপ্ত নথিসহ জেল আপিল মামলার আবেদন পাঠানোর জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে একটি পূর্ণাঙ্গ জেল আপিল আবেদন প্রেরণের ক্ষেত্রে অবশ্যই দণ্ডপ্রাপ্ত কয়েদির সাক্ষরিত আবেদনপত্র, বিজি প্রেসের ফরম এবং সংশ্লিষ্ট রায়ের কপি সংযুক্ত করে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
 
মঙ্গলবার সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল জেলা কারাগারে এ চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের জেল আপিল শাখা হতে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায় যথাযথভাবে জেল আপিল মামলার নথি প্রেরণ না করায় বহুসংখ্যক মামলা অপ্রস্তুত অবস্থায় রয়েছে। এর ফলে কারাগারে আটক কয়েদীর জেল আপিল আবেদনটি জেল আপিল শাখার পক্ষে আদালতে উত্থাপন করা সম্ভব হচ্ছে না। ফলে জেল আপিলকারীর প্রত্যাশিত আইনি সহযোগিতা দীর্ঘসূত্রিতার মধ্যে আবদ্ধ হয়ে পড়েন।