কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিশ্বব্যাংকের পরোক্ষ অর্থায়ন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০৯:৪৭
 
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে পরোক্ষ অর্থায়ন করছে বিশ্বব্যাংক। মানবাধিকার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল (আইডিআই) প্রকাশিত এ প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেসব বিদ্যুৎ প্রকল্প জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে, বন উজাড়ে ভূমিকা রাখছে, এমন সব বিদ্যুৎ প্রকল্পে পরোক্ষ অর্থায়ন করছে বিশ্বব্যাংকের সহযোগী আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ তালিকায় বাংলাদেশের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। আগামী ৭-৯ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক বৈঠক। ঐ বৈঠককে সামনে রেখে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বিশ্বব্যাংক নীতিগতভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমর্থন করে না। কিন্তু আইএফসিতে এমন বাধা নেই। আইডিআইর প্রতিবেদনে বলা হয়, আইএফসি নতুন করে কয়লাভিত্তিক ৫৬ হাজার ১২৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে পরোক্ষভাবে অর্থায়ন করছে। এর মধ্যে অন্যতম বাংলাদেশে স্থাপন করতে যাওয়া এক হাজার ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল বিদ্যুৎ প্রকল্প রয়েছে। এ প্রকল্প করা হচ্ছে ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে যা নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল এবং ২০ লাখ মানুষের জীবন-জীবিকার উৎস।
 
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংক নিজেই এ প্রকল্পে সহায়তা দিতে অস্বীকার করেছে। কারণ রামপালে বিদ্যুৎ প্রকল্প হলে এতে বায়ু ও পানি দূষণ দুটোই ঘটবে। অথচ আইএফসির অর্থায়নে স্থানীয় ছয়টি ব্যাংক পরিবেশের জন্য ক্ষতিকর এ প্রকল্পে সহায়তা দিচ্ছে। এ নিয়ে বার্তা সংস্থা এএফপির প্রশ্নের জবাবে আইএফসির মুখপাত্র ফ্রেডেরিক জোনস বলেন, প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জোনস জানান, ২০০৫ সাল থেকে আইএফসি নবায়নযোগ্য জ্বালানিতে ১৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। কিন্তু আইএফসির নীতিতে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়নের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন বিষয়ে উল্লেখ করা হয়েছে, প্রথমদিকে বিশ্বব্যাংক প্রকল্পটিতে সরাসরি অর্থায়নের আগ্রহ দেখিয়েছিল। একই আগ্রহ দেখায় ফ্রান্সের তিনটি ব্যাংক ক্রেডিট এগ্রিকোল, বিএনপি পারিবাস ও সোসিয়েতে জেনারেলে। কিন্তু প্রকল্পটি ঘিরে বিতর্ক সৃষ্টি হওয়ার পর এ সিদ্ধান্ত থেকে সরে আসে ব্যাংক তিনটি। রামপাল বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্বব্যাংকও। যদিও আইএফসির মাধ্যমে তহবিলের জোগান দিচ্ছে তারাই।