দেশে প্রতি বছর প্রায় ২২ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন; এর মধ্যে প্রায় ১৭ হাজার রোগী মারা যান। শুধু নারীদের যেসব রোগ বেশি হয় তার মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। দেশে প্রতি আটজনে একজন স্তন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। গতকাল বুধবার উত্তরা ‘আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল’ প্রাঙ্গণে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ তথ্য জানান। তারা আরো বলেন, শুধু পশ্চিমা দেশগুলোতে নয় বাংলাদেশে এই রোগের বিস্তার ঘটেছে। বিশ্বে প্রতিবছর প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) স্তন ক্যান্সার রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৪০ থেকে ৫০ বছরের নারীদের ঝুঁকি সবচেয়ে বেশি, যা প্রায় শতকরা ৩৩ ভাগ স্তন ক্যান্সার। তবে ১৫ থেকে ৯০ বছরের যে কোনো নারীর এই স্তন ক্যান্সার হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, সচেতন থাকলে এ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেন, স্তন ক্যান্সারসহ যেকোন রোগের চিকিত্সায় নারীরা নিজ থেকে এগিয়ে আসতে পারে না। সুতরাং নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও মুক্তি অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, ক্যান্সার চিকিত্সায় এখন আর বিদেশে যেতে হবে না। দেশেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সারের সঠিক চিকিত্সা সম্ভব। আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল অত্যন্ত কম ও সাশ্রয়ী মূল্যে রোগীদের চিকিত্সা সেবা প্রদান করে যাচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএমসিজিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সৈয়দ ফজলে রহিম (অব.)। স্তন ক্যান্সার ও প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন সিনিয়র কন্সালটেন্ট অনকোলজী ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এ.এম.এম. শরীফুল আলম।
