রাণীনগরে আবারো নির্বাচনের হাওয়া

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১১:০৯
নওগাঁর রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে চলছে পুনরায় ভোট গ্রহণের প্রস্তুতি। ভোট কেন্দ্রগুলো হলো, আল-আমিন দাখিল মাদরাসা, সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ও লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
২৫ সেপ্টেম্বরে নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করার পর থেকে আবার এই তিনটি কেন্দ্রে নতুন করে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। আবারো  চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা কোমড় বেঁধে নেমেছেন নির্বাচনের মাঠে। নতুন করে এই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন একটি ভোটের জন্য।
 
১নং কেন্দ্র আল-আমিন দাখিল মাদরাসায় ভোট প্রদান করবে উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের দুই হাজার আট শ ৯১ জন ভোটার। ৭ নং কেন্দ্র সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করবেন সোনাকানিয়া (সিংড়াডাঙ্গা) ও সিম্বা গ্রামের এক হাজার পাঁচ শ ৪৪ জন ভোটার এবং ৯নং লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করবেন এক হাজার সাত শ ৭৯ জন ভোটার।  
 
উল্লেখ্য, ২৮ মে অনুষ্ঠিত এই ইউপি নির্বাচনে এই ইউনিয়নে চেয়াম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. ফরহাদ হোসেন মন্ডল ও নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. আসাদুজ্জামান পিন্টু। বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
 
এই ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে তিন হাজার দুই শ ৮৪ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আসাদুজ্জামান পিন্টু নৌকা প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার দুই শ ৪২টি।
 
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে তিনটি কেন্দ্রে ভোটের মাঠে একাধিক চেয়ারম্যান প্রার্থীরা থাকছেন না এবং ভোটে অংশগ্রহণও করছেন না বলে একাধিক সূত্রে জানা গেছে।
 
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, আগামী ৩১ অক্টোবর এই তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ