দারুসসালাম থানার চার পুলিশ সাময়িক বরখাস্ত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৫
ব্যবসায়ীকে আটক করে মাদক মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নেয়ার অভিযোগে রাজধানীর দারুসসালাম থানার চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, এসআই কামরুল হাসান, এএসআই শ্যামল দাস বংশী, কনস্টেবল ফয়েস ও কনস্টেবল কামরুল ইসলাম।
 
পুলিশ জানায়, চলতি বছরের ১৯ সেপেটম্বর রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ডে মশিউর রহমান নামে এক ব্যবসায়ীকে টহল পুলিশ সদস্যরা আটক করে গাড়িতে উঠিয়ে নেয়। পরে ওই পুলিশ সদস্যরা বাসা থেকে তার স্ত্রীকে ডেকে এনে স্বামীকে মাদক মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখান। পরে ওই পুলিশ সদস্যরা ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন মুক্তিপণ হিসেবে নিয়ে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে মশিউর এ ব্যাপারে পুলিশ সদর দফতরে একটি অভিযোগ দেয়। ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর বুধবার দুপুরে ‍পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মাসুদ হাসানের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
 
মিরপুর বিভাগের উপ কমিশনার মাসুদ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ