স্লেজিং বিষয়ে আম্পায়ারদের ‘ছাড়’ প্রত্যাশা করেন স্টোকস

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৮:১৫
ইংল্যান্ডের ওয়ানডে দলের সহ অধিনায়ক বেন স্টোকসের মতে ‘স্লেজিং’ এর প্রতি আম্পায়াররা যেন একটু বেশিই কড়াকড়ি দেখান। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের মতে এই বিষয়ে চাইলে আম্পায়াররা একটু নমনীয় আচরণ করতেই পারেন।
 
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন স্টোকস যার জের ছিল টি টোয়েন্টি বিশ্বকাপেও। চলতি বছরের জানুয়ারিতে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন। স্বভাবতই মাঠে ব্যাটে বলের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইকেও ভালোবাসেন স্টোকস।  
 
এই প্রসঙ্গে বিবিসির একটি অনুষ্ঠানে তিনি বলেন, আম্পায়াররা কখনো কোনো পরিস্থিতিতে বাড়াবাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অবশ্যই যদি পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে তাহলে ব্যবস্থা নিতে হবে তাদের। কিন্তু কখনো তারা সামান্য বাগযুদ্ধের সময়ে তারা বাগড়া দেয়। আমরা দেশের হয়ে ম্যাচ জেতার চেষ্টা করছি, তাই চাইলে তারা আমাদের ছাড় দিতে পারে।
 
শুধু তাই নয়, স্টোকস মনে করেন দর্শকরাও এই লড়াই পছন্দ করে। তিনি যোগ করেন, আমি মনে করি মানুষও এটা দেখতে পছন্দ করে, আবেগ এবং জয়ের ইচ্ছা প্রকাশ পায় এতে। কে জানে! হয়তো শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজে হয়তো তামিম-সাকিবদের সঙ্গে এমন কথার লড়াইয়ে জড়িয়ে পড়তে দেখা যাবে স্টোকসকে! বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ