বিশ্বের ক্ষুদ্রতম যন্ত্র আবিষ্কারে সাফল্যের স্বীকৃতি হিসেবে চলতি বছর রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, জ্যঁ পিয়েরে শভেজ, স্যার ফ্রেজার স্টোডডার্ট এবং বার্নার্ড এল ফেরিঙ্গা। গতকাল বুধবার সুইডেনে এক সংবাদ সম্মেলনে নোবেল কমিটি এই তথ্য জানায়। খবর বিবিসি’র
নোবেল পাওয়া তিন বিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু ছিল ‘আণবিক স্কেল’। তাদের মোট ৮০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ‘ন্যানোটেকলজি’তে (আণবিক রসায়ন) এই তিন বিজ্ঞানীর গবেষণা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানানো হয়েছে নোবেল কমিটির বিবৃতিতে। শভেজরা যে বৈদ্যুতিক স্কেল আবিষ্কার করেছেন, সেটা দিয়ে একটা চুলের এক হাজার ভাগের একভাগ দৈর্ঘ্যের কোনও বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। ক্যান্সার চিকিত্সায় এটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া এই গবেষণা মোটর থেকে শুরু করে গাড়ি আর মানব শরীরে প্রবেশ করানোর জন্য ক্ষুদ্র যন্ত্র তৈরিতে নতুন পথের দিশা দিয়েছে। নোবেল পুরস্কার পাওয়ার খবর শুনে এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ফেরিঙ্গা বলেন, আমি জানি না আমি কী বলবো। সত্যিই আমি বিস্মিত হয়েছি, আমি আবেগতাড়িত হয়েছি। ফরাসি নাগরিক শভেজ ১৯৪৪ সালে জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে স্ট্রসবার্গ বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর। একইসঙ্গে তিনি গবেষণা করছেন ফ্রান্সের ‘ন্যাশনাল সেন্টার অফ সায়েন্টিফিক রিসার্চে’। স্টোডডার্ট ইংল্যান্ডের এডিনবার্গে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এছাড়াও একাধিক গবেষণাকেন্দ্রের সঙ্গে যুক্ত। তার সুনাম রয়েছে বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ রচনার জন্যও। বার্নার্ড ফেরিঙ্গা নেদারল্যান্ডসের বার্গার-কমপাসকামে জন্মগ্রহণ করেন ১৯৫১ সালে। তিনি গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ইত্তেফাক/এএন
