সায়ামির অভিষেক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৪

রাকেশ ওম প্রকাশ মেহরা বলিউডের একজন আলোচিত চিত্রনির্মাতা। ‘রঙ দে বাসন্তী’, ‘দিল্লি সিক্স’, ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো আলোচিত বহুল প্রশংসিত ছবির পরিচালক তিনি। অনেকদিন পর আবার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই গুণী চিত্রনির্মাতা। রাকেশ ওম প্রকাশ মেহরার নতুন সিনেমা ‘মির্জা’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে।

 

বিখ্যাত পাঞ্জাবি লোকগাঁথা ‘মির্জা-সাহিবা’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন বলিউডের কিংবদন্তিতুল্য লেখক-গীতিকার গুলজার। দীর্ঘ এক যুগ পর তিনি নতুন কোনো সিনেমার চিত্রনাট্য লিখলেন। পাঞ্জাবে লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েটের মতো ‘মির্জা-সাহিবা’র অনন্য প্রেম কাহিনি ঘরে ঘরে বেশ আলোচিত। সেই প্রেম কাহিনিই তুলে আনা হয়েছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে। ফলে ‘মির্জা’ ছবিটি স্রেফ একটি পিরিয়ড ড্রামা কিংবা ঐতিহাসিক প্রেম কাহিনি হয়ে আসছে না সেলুলয়েডে। এ ছবিতে দর্শকদের জন্য ভিন্ন কিছু দেওয়ার প্রয়াস করেছেন কৃতী চিত্রনির্মাতা রাকেশ মেহরার। এর আগে তিনি অমিতাভ বচ্চন, আমির খান, ফারহান আখতার, সোহা আলি খান, রাভিনা ট্যান্ডন, সোনম কাপুরদের নিয়ে ছবি বানিয়েছেন। তবে এবার ‘মির্জা’ ছবিতে একঝাঁক নতুন মুখ নিয়ে কাজ করেছেন।

 

‘মির্জা’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর তনয় হর্ষবর্ধন কাপুরের। হর্ষবর্ধনের বিপরীতে নায়িকারূপে দেখা যাবে আরেক নবাগতা সায়ামি খেরকে। ২৪ বছর বয়সী এই তরুণী বলিউডে নতুন হলেও গত বছর তেলেগু সিনেমা ‘রে’র মাধ্যমে রুপালি পর্দায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। শোবিজে মডেল হিসেবে বিচরণের অভিজ্ঞতা থাকলেও ‘মির্জা’ ছবিতে ‘সাহিবা’ চরিত্রে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে সায়ামিকে অনেকগুলো ওয়ার্কশপ করতে হয়েছে।

 

এ প্রসঙ্গে নবাগত এই অভিনেত্রী বলেন, ‘আমাকে ‘মির্জা’ ছবিতে অভিনয়ের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে। এজন্য আমি তিন বছর সময় ব্যয় করেছি। অন্য সাধারণ মানের রোমান্টিক নায়িকা চরিত্র না, ‘সাহিবা’কে ভিন্ন আঙ্গিকে পর্দায় তুলে ধরা হয়েছে এ ছবিতে। আমি পরিচালক রাকেশ মেহরার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বাত্মক চেষ্টা করেছি। দর্শক-সমালোচক আমার কাজের বিচার করবেন ছবিটি দেখে।’

 

একটি ফিল্মি পরিবারের মেয়ে হলেও সায়ামি অভিনেত্রী হবেন বলে তেমন নিশ্চিত ছিলেন না। অতীত দিনের বিখ্যাত অভিনেত্রী উষা কিরণের নাতনি তিনি। সায়ামির ফুপু প্রখ্যাত অভিনেত্রী তানভি আজমি। তার মা উত্তরা মহাতর খের, একজন সাবেক মিস ইন্ডিয়া। ১৯৮২ সালে সায়ামির মা উত্তরা মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তার পারিবারিক ঐতিহ্য সিনেমায় সুযোগ পাওয়ার জন্য অনুকূল হলেও সায়ামিকে অনেক চড়াই-উতরাই পথ পাড়ি দিতে হয়েছে সিনেমায় নায়িকা হওয়ার জন্য। ‘আমি মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং করছি। অনেক প্রেস্টিজিয়াস ব্র্যান্ডের মডেল হয়েছি। তারপরেও বলিউডে অভিনেত্রী হিসেবে সুযোগ পেতে অনেক জায়গায় ধর্না দিতে হয়েছে, অনেক জায়গায় প্রত্যাখ্যাত হয়েছি,’ বলেন সায়ামি খের। ‘

 

মির্জা’ ছবিতে সহশিল্পী হর্ষবর্ধন কাপুর সম্পর্কে তার মন্তব্য হলো, ‘আমার মতো তারও বলিউডে অভিষেক হচ্ছে। ‘মির্জা’ ছবিতে আমাদের দুজনের কেমিস্ট্রি দেখলে মনে হবে এর আগে বোধহয় আমরা একসঙ্গে আরও অনেক ছবি করেছি।’ ‘মির্জা’ ছবিটি মুক্তির আগেই অভিনেত্রী সায়ামি খেরকে ঘিরে বলিউডে অনেক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বলিউডে তার আবির্ভাব ঘটছে একটি ভিন্ন স্বাদের প্রেমের ছবির মাধ্যমে। হয়তো প্রথম ছবিতেই বাজিমাত করবেন সায়ামি খের।