লা লিগায় প্রথমবারের মতো ভারতীয় ফুটবলার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১২:৪৬
প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে লা লিগার শীর্ষ পর্যায়ের পেশাদার ক্লাব সিডি লেগানেসের সাথে এক বছরের চুক্তি করেছেন ভারতীয় ফুটবলার ইশান পান্ডিতা। এর মাধ্যমে ভারতীয় ফুটবলে উন্নতির বিষয়টি গুরুত্বের সাথে সামনে চলে এসেছে।
 
বেঙ্গালুরুর ছেলে পান্ডিতা ডিভিশন ডি হনার জুভেনিলে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নামবেন। এবারের লিগে লেগানেস গ্রুপ-ভি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই গ্রুপে আরো রয়েছে রিয়াল মাদ্রিদ ও এ্যাথলেটিকো মাদ্রিদের মত স্প্যানিশ জায়ান্টরা।
 
১৬ দলের গ্রুপে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লেগানেস বর্তমানে অষ্টম স্থানে রয়েছে। আসন্ন ম্যাচগুলোতে দলকে আরো উপরে নিয়ে যাবার প্রত্যাশায় মাঠে নামবেন পান্ডিতা। এর আগে পান্ডিতা ব্যাঙ্গালুরু থেকে ইউডি আলমেইরারের যুব দলের হয়ে স্পেনে পাড়ি জমান। গেতাফে ক্লাবেও তিনি ট্রায়ালে অংশ নেন। স্প্যানিশ ক্লাবে সুযোগ পাওয়ায় এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল এক টুইটার বার্তায় পান্ডিতাকে অভিনন্দন জানিয়েছেন। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ