খুলনা মহানগরীতে আবারো গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর টিবি ক্রস রোডের এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর নগরীর ৩/১ টিবি ক্রস রোডের বাড়ির মালিক এমএ মাজেদ ও তার স্ত্রী হাঁটতে বের হন। ফিরে এসে তারা বাড়ির গ্রিলের তালা ভাঙ্গা দেখতে পান। এরপর ঘরে ঢুকে তারা দেখতে পান চোরেরা আলমারি ভেঙ্গে ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ৩৫ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এ ঘটনা দেখার পর বাড়ির মালিক এমএ মাজেদ অচেতন হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ নগরীর একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, এর আগেও নগরীর বিভিন্ন স্থানে কয়েকদিন পরপর গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতংকিত হয়ে পড়েছে নগরবাসী।
ইত্তেফাক/এএসএমইউ
