টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। বুধবার আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৩৬ রানে হারিয়েছে পাকিস্তান।
এদিন পাকিস্তানের ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৮ রানের জবাবে সফরকারীরা ৪৪ ওভারে গুটিয়ে যায় ১৭২ রানে।
অন্যদিনের মতো এদিনও জ্বলে ওঠেন ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটসম্যান তৃতীয় ওয়ানডেতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। এ নিয়ে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
বুধবার ১০৬ বলে খেলেছেন ১১৭ রানের ইনিংস, যাতে ছিল ৮টি চার ও একটি ছক্কার মার। তার সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক আজহার আলীও।
এই ব্যাটসম্যান ১০৯ বলে করেছেন ১০১ রান। এই দুজনের সেঞ্চুরির সঙ্গে শারজিল খানের ৩৮ ও সরফরাজ আহমেদের হার না মানা ২৪ রানের ওপর ভর দিয়ে পাকিস্তানের রান ৩০০ পেরোয়।
জবাবে ব্যাট করতে নেমে ক্রেইগ ব্র্যাথওয়েট (৩২) ও এভিন লুইস (২২) ৪৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি পরের দিকের ব্যাটসম্যানরা। একটা সময় ৯৩ রান তুলতেই তারা হারায় ৪ উইকেট। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে যা একটু প্রতিরোধ গড়েছিলেন দীনেশ রামদিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটাও তার।
তবে তাতেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ
