ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আজ চতুর্থ দিনের মতো সকল ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু এ তথ্য জানান।
তিনি জানান, সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট এলাকার নতুন-পুরাতন সকল ভোটারই এই স্মার্টকার্ড পাবেন। পুরাতন ভোটাররা তাদের আগের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে এবং নতুন ভোটাররা ভোটার স্লিপ জমা দিয়ে নতুন স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।
তিনি বলেন, স্মার্টকার্ড সংগ্রহের সময় ভোটারকে নিজে সশরীরে উপস্থিত থাকতে হবে। কারণ কার্ড বিতরণকালে ভোটারের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের মনির ছবি দিতে হয়।
আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে রমনা এলাকার পশ্চিম মালিবাগ, মিন্টো রোড আমিনাবাদ কলোনি ও ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট, পশ্চিম মালিবাগ এবং উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা মডেল টাউনের ৮ নম্বর সেক্টরের বাসিন্দারা পাবেন নিজেদের স্মার্টকার্ড। ঢাকার বাইরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় কার্ড বিতরণ করা হচ্ছে।
গতকাল বুধবার তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রমনা এলাকার বেইলি স্কয়ার ও বেইলি রোড, মগবাজার ইস্পাহানী কলোনি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাদশারটেক, দলিলপাড়া (ডিসিসি অংশ), আহালিয়া (ডিসিসি অংশ) বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হচ্ছে।
৭ অক্টোবর শুক্রবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে রমনা এলাকার নিউ ইস্কাটন রোড ও সার্কিট হাউস রোড এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (সব পুরুষ) বাসিন্দারা কার্ড পাবেন।
৮ অক্টোবর শনিবার স্মার্টকার্ড পাবেন মগবাজার এলিফ্যান্ট রোড এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৯ এ (সব নারী) বাসিন্দারা।
৯ অক্টোবর রোববার সিদ্ধেশ্বরী রোড ও লেনের নারী এবং উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরের সব পুরুষ স্মার্টকার্ড পাবেন।
১০ অক্টোবর সোমবার সিদ্ধেশ্বরী রোড ও লেনের পুরুষ এবং উত্তরা মডেল টাউন সেক্টর-৬ (সব নারী) অধিবাসীর মধ্যে কার্ড বিতরণ করা হবে।
ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, প্রথমে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায়, এরপর অন্য নয় সিটি এবং পরে জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সবশেষে পাবেন উপজেলা পর্যায়ের ভোটাররা।
ইসির স্মার্ট এনআইডি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, যখন যে এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে, তখন সেই এলাকার ভোটাররা অনলাইনে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এছাড়া ১০৫ নম্বরে ফোন করে বা এসএমএস দিয়েও জানতে পারবেন আপনার স্মার্টকার্ডটি কবে কোথায় দেয়া হবে।
এক্ষেত্রে https://services.nidw.gov.bd/card_distribution লিংকে ক্লিক করলেই একটি উইন্ডো আসবে। যেখানে নির্দিষ্ট স্থানে আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ লিখে 'কার্ড বিতরণ তথ্য দেখুন'।
এ ছাড়া তারা ১০৫ নম্বরে কলও করতে পারবেন। কিংবা চাইলে মেসেজ করেও জানতে পারবেন প্রয়োজনীয় তথ্য। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর তা 105 নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে তথ্য জানিয়ে দেয়া হবে।
যারা এখনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি তারা প্রথমে SC লিখে স্পেস দেবেন। এরপর F লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে D লিখে yyy-mmm-ddd ফরম্যাটে জন্মতারিখ লিখে 105 নম্বরে মেসেজ পাঠাবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেয়া হবে তা জানানো হবে। বাসস।
ইত্তেফাক/আরএ
