কিছুদিন আগেই কিউবায় মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে। কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পর এবার ক্রীড়া ক্ষেত্রেও বন্ধুত্বের সূচনা হতে যাচ্ছে।
শুক্রবার হাভানার এস্টাডিও পেদ্রো মারেরোতে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সাবেক বৈরী রাষ্ট্র দুটি সম্পর্ক উন্নয়নের পথে আরো একধাপ এগিয়ে যাচ্ছে।
দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই ক্রীড়া কূটনীতি সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এর মাধ্যমে দেশ দুটির মধ্যকার অর্ধ শতাব্দীর বেশি সময়ের বৈরিতার অবসান ঘটে। স্নায়ু-যুদ্ধকালে ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরেই ক্রীড়াকে সম্পর্ক উন্নয়নের কৌশল হিসেবে ব্যবহার করে আসছে।
১৯৭১ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস স্কোয়াড চীনে পৌঁছে। এর আগে ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকে কোন মার্কিন দল চীন সফর করেনি।
মার্কিন ক্রীড়া দলের ওই যুগান্তকারী সফরের দুই মাস পর যুক্তরাষ্ট্রে চীনের ওপর থেকে অবরোধ তুলে নেয়। এছাড়া ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট নিক্সন চীনে ঐতিহাসিক সফর করেন। এএফপি
ইত্তেফাক/এমএইচ
