মাদক সেবনের অভিযোগে আটক ৮

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:১০
 
নাটোরের বনপাড়া বাজার থেকে গাঁজা সেবনের অভিযোগে এক কলেজ শিক্ষকসহ আট জনকে আটক করেছে র‌্যাব। 
 
বৃহস্পতিবার তাদের বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রাতে তাদের আটক করা হয়। 
 
র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে একটি স্থানে অভিযান চালিয়ে জিল্লুর রহমান জিন্নাহসহ আট জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ২৫০ গ্রাম হেরোইন, ৪৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ টাকা, মোবাইল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তারা সবাই মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 
 
এছাড়াও জিন্নাহ বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুু হত্যা মামলা, সাংবাদিক তোফাজ্জল হোসাইনের ওপর হামলা মামলা ও স্থানীয় জয়বাংলা সামাজিক আন্দোলন কার্যালয় ভাংচুর মামলার আসামি।
 
এছাড়া বছরের মাঝামাঝি সময়ে পুলিশের এক এসআইকে জনসম্মুখে পিটিয়ে আলোচনায় আসে জিন্নাহ। জিল্লুর হোসেন জিন্নাহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্থানীয় শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক। 
 
আটককৃতদের র‌্যাব বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। 
 
 
ইত্তেফাক/কেকে