ভিজিডির সুবিধা পাবেন ২৩৪৮ নারী

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৫
‘ভিজিডি শুধুমাত্র একটি কার্ড নয়, দুস্থ নারীর অধিকার’ এই শ্লোগানকে প্রাদিপাদ্য করে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভিজিডি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও পরিষদের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ সভাপতিত্ব করেন।
 
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা ও ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা বলেন, ‘বর্তমানে উপজেলায় এক হাজার ৯৪৮ জন অসহায় দুস্থ নারী ভিজিডির সুবিধা ভোগ করছেন। আরো ৪০০ জনকে এই সুবিধার আওতায় আনা হবে। এ জন্য তালিকা প্রণয়নের কাজ শীঘ্রই শুরু করা হবে।’
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, ‘আসহায় দুস্থদের জন্য ভিজিডি কার্ড তৈরিতে কোনো প্রকার উৎকোচ গ্রহণ বা অনিয়ম দেখা দিলে প্রমান সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ