কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:৪০
 
উম্মে খাতুন (৫২) নামে চার সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপর দুইটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ফরুয়াপাড়া গ্রামে ওই নারীর স্বামী জামিয়ার রহমানের বাড়ি হতে উম্মে খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।
 
অভিযোগ উঠেছে, পারিবারিক কলহে মঙ্গলবার গভীর রাতে স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে ওই গৃহবধূর স্বামী জানায়, তার স্ত্রী মানসিক বিকারগ্রস্ত। দীর্ঘদিন হতে মাথা খারাপ থাকায় সে সকলের অগচোরে রান্নাঘরের তীরে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু প্রতিবেশী জানায়, গত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর কলহ চলছিল। মঙ্গলবার স্বামীর নির্যাতনের ভয়ে উম্মে খাতুন লুকিয়ে ছিল। সন্ধ্যার পর তাকে বাড়িতে দিয়ে আসা হয়। সকালে খবর পাওয়া যায় উম্মে খাতুন গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। কিন্তু গ্রামের কোনো লোক লাশ ফাঁসিতে ঝুলতে দেখেনি। প্রতিবেশীরা জানতে চাইলে উম্মে খাতুনের স্বামী তাদের জানায় লাশ তিনি ফাঁস অবস্থায় নামিয়েছেন। কিন্তু গলায় দড়ি দিয়ে আত্নহত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
 
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের সময় মরদেহটি বাড়ির একটি চৌকিতে শোয়া অবস্থায় পাওয়া যায়। এমনকি গলায় দড়ি দিয়ে আত্নহত্যার কোনো আলামত পাওয়া যায়নি লাশের সুরতহাল রিপোর্টে। ফলে ঘটনাটি রহস্যজনক হিসাবে দেখা দিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।
 
ইত্তেফাক/এএম।