রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য ভবনে অপরিচিত ও বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ রাখার সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১০ম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সভায় সভাপতিত্ব করেন।
এতে কমিটির সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম সাগুফতা ইয়াসমিন, মো. আসলামুল হক, তালুকদার মো. ইউনুস এবং নাজমুল হক প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।
বৈঠকে কমিটি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সদস্য ভবন এলাকায় রাতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, পারিবারিক অতিথি ব্যতীত অন্য দর্শণার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ এবং সদস্য ভবন সমূহের ছাদ, অন্য কোন জায়গায় অবৈধ অবস্থানকারীদের তল্লাশি এবং অপসারণ কার্যক্রম অব্যহত রাখার সুপারিশ করে।
বৈঠকে সদস্যবৃন্দের বাসার গৃহকর্মী, ড্রাইভারদের তথ্য ‘ছক’ মোতাবেক জমা দেয়ার জন্য পুনরায় তাগাদা জানিয়ে অনুরোধ করার সুপারিশ করা হয়।
কমিটি সংসদ-সদস্য ভবনে বসবাসরত সংসদ-সদস্যদের পরিবারের সদস্য, বাসার সহযোগী কর্মী ও ড্রাইভারদের পাসের ব্যবস্থা করার সুপারিশ করেছে।
এতে সংসদ-সদস্য ভবনের মেইন গেইটে দর্শনার্থীদের বসা বা অপেক্ষা করার জন্য ওয়াস রুমসহ সেডের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়াও পুলিশদের বসা বা অপেক্ষা করার জন্য ওয়াস রুমসহ সেডের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে স্টিকারবিহীন কোন গাড়ি প্রবেশ করতে না দেয়া এবং সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে গাড়ি প্রবেশের সময় গেইটে চেক করার সুপারিশ করা হয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই
