মানুষ এখন প্রতিবাদ করতে ভয় পায়: বিএনপি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:৫২
 
সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলাদল। এই মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রকাশ্য দিবালোকে সিলেটে খাদিজা আক্তার নার্গিসের ওপর সন্ত্রাসী হামলা করা হলেও কেউ এগিয়ে আসেননি। কারণ জনগণ এই সরকারের ওপর ক্ষুব্ধ। প্রতিবাদ করতে ভয় পায়, যদি সরকার তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। কেউ প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসছে নির্যাতন।
 
তিনি বলেন, দেশে একের পর এক নারী ও রাজনৈতিক কর্মীকে হত্যা করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। প্রতিটি হত্যার প্রকৃত ঘটনা আড়াল করে অভিযোগ করা হয় বিরোধীদলের ওপর। আর সেই সুযোগে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে প্রকৃত অপরাধীরা। ছাত্রলীগ-যুবলীগরা এখন আতংকের আরেক নাম।
 
নজরুল ইসলাম খান বলেন, দেশের এই শ্বাসরুদ্বকর অবস্থার পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য সরকারকে সরাতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগনের সরকার কায়েমের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
 
দলের স্থায়ী কমিটির অন্য সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ আজ নারী-পুরুষ হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো হত্যাকাণ্ডের বিচার হবে না। বলার জন্য বলা আর চাওয়ার জন্য- এই বিচার চাওয়া। তবে একটি কথা স্পষ্ট, যদি সময়-সুযোগ আসে তাহলে দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।
 

ইত্তেফাক/এএম।