আওয়ামী লীগের কাউন্সিলর হলেন জয়

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:২৭
জাতির জনকের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগদান করবেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠেয় সম্মেলনে তিনি রংপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করবেন। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন সফল করতে গঠিত দপ্তর উপ-কমিটির রংপুর বিভাগের প্রস্তুতি সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘রংপুর জেলা আওয়ামী লীগের কাছ থেকে কাউন্সিলরদের যে তালিকা পাঠানো হয়েছে, তাতে সজীব ওয়াজেদ জয়ের নাম আছে। আগামী কাউন্সিলে রংপুরের কাউন্সিলর হিসাবেই তিনি সম্মেলনে যোগ দেবেন।’
 
৪৫ বছর বয়সী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয় কয়েক বছর আগে নানা ও মায়ের দল আওয়ামী লীগের সদস্যপদ নেন। পিতৃভূমি রংপুরের পীরগঞ্জ উপজেলা কমিটিতে গত বছর তাকে সদস্য হিসেবে রাখা হয়। ২০১৪ সালে মা শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে পীরগঞ্জে কয়েকটি জনসভায়ও অংশ নিয়েছিলেন তিনি। এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার রূপকল্প উপস্থাপন করা হবে বলে জানান হানিফ। নেতৃত্ব নির্বাচন কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই হবে বলে তিনি জানান।
 
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন ও মাহমুদ হাসান রিপন উপস্থিত ছিলেন।
 
 

ইত্তেফাক/এএন