দক্ষিণ কোরিয়ায় টাইফুন চাবার আঘাতে নিহত ৬

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০১:১৭
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে টাইফুন চাবার আঘাতে ছয়জন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছে। ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের তাণ্ডব শেষে বৃহস্পতিবার উদ্ধার তত্পরতা ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ঝড়টি দক্ষিণ কোরীয় উপকূল থেকে জাপানের দিকে সরে গেছে।
 
বুধবার রাতে কোরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তের উপর দিয়ে প্রলয়ঙ্করী ঝড়টি বয়ে যায়। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী বুসান বন্দর ও শিল্প নগরী উলসানে ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। উলসানে এক ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের কাছেই ঝড়ের প্রভাবে আসা পানিতে ডুবে মারা গেছেন এবং এক নারীকে বন্যার পানিতে প্লাবিত একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্রাউন্ডে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকার প্রায় দুই লাখ ৩০ হাজার বাড়িতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কোরিয়া ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পুনরায় বিদু্যুত্ সংযোগ দেওয়া হচ্ছে।
 
ঝড় ও বন্যার কারণে উলসানে বেশ কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, উলসানে বিখ্যাত কোম্পানি হুন্দাই মোটোরের প্রধান কারখানাগুলো অবস্থিত। ওই কোম্পানির এক নারী মুখপাত্র বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব পুনরায় আমাদের কার্যক্রম শুরু করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো সময়ের প্রয়োজন।’
 
সরকারি নজরদারির ক্যামেরাগুলোর ভিডিওচিত্রে বন্যার পানিতে নিমজ্জিত রাস্তায় গাড়ি, রেফ্রিজারেটর ও অন্যান্য ধ্বংসাবশেষ ভাসতে এবং কোমর সমান কাদা পানিতে মানুষকে কষ্ট করে চলাফেরা করতে দেখা গেছে। ঝড়ের কারণে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এর প্রস্তুতিও বিঘ্নিত হয়েছে। বুসানের প্রধান দ্বীপ হায়েউন্দাই বিচে উত্সবটি আয়োজনের কথা ছিল। কিন্তু ঝড়ো হাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।
 

ইত্তেফাক/এএন