এমবিবিএসের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে সারাদেশে মোট ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থী ৯০ হাজার ৪১৭ জন। মোট আসন ৯ হাজার ৪১৭। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট মেডিক্যাল কলেজ রয়েছে ৯৯টি। এর মধ্যে সরকারি ৩০টি, বেসরকারি ৬৯টি। এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থাসহ সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার স্বচ্ছতা তদারক করতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠন করা হয়েছে ‘ওভারসাইড কমিটি’। রয়েছে পরীক্ষা পরিচালনা কমিটি ও মডারেটর। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালও মেডিক্যাল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেখভাল করবেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মেডিক্যাল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া রেটিনাসহ মেডিক্যাল কোচিং সেন্টারসমূহ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধেও আইসিটি আইনে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগই নেই। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সব সময় জবাবদিহি বিশ্বাস করি। গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও তা পরে গুজব ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট করতে এমন ষড়যন্ত্র হতে পারে। তাই এবার বাড়তি কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
