ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ম্যাথিউ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৩:১৩
শক্তিশালী হারিকেন ম্যাথিউ এখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ভোর আঘাত হানতে পারে ঝড়টি। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া হারিকেন ম্যাথিউয়ের প্রভাবে বিভিন্ন উপকূলীয় নগরীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং ঘন্টায় ১৩০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে। এছাড়া বিশাল বিশাল ঢেউ সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে।
 
হারিকেনের আঘাতে ক্যারিবীয়র বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছে এবং হাইতিতে ২৬৪ জনের প্রাণহানি হয়েছে। চার ক্যাটাগরির ঝড় ম্যাথিউ শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে। 
 
এটি ফ্লোরিডার বোকা রাতন থেকে চার্লসটনের উত্তরাঞ্চল ও দক্ষিণ ক্যারোলাইনা পর্যন্ত কমপক্ষে ৬শ’ মাইল অতিক্রম করতে পারে। এর প্রভাবে স্থলে ভারী বর্ষণ হতে পারে।
 
যুক্তরাষ্ট্রের জ্যাকসনভিলা, ফ্লোরিডা ও সাভানাহ এবং জর্জিয়ার মত বিভিন্ন নগরী থেকে কমপক্ষে ৩০ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ম্যাথিউ ইতোমধ্যে হাইতি, জ্যামাইকা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র ও বাহামাসে আঘাত হেনেছে। ফলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কোন ধরণের ঝুঁকি নিতে চান না।
 
ফ্লোরিডার গভর্নর রিক স্কট হারিকেন ম্যাথিওকে ‘দৈত্যাকার’ বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমি চাই সবাই এর হাত থেকে বাঁচুক। আমরা গৃহ তৈরি করতে পারি, পুনরায় ব্যবসা দিতে পারি। কিন্তু আমরা জীবন ফিরিয়ে দিতে পারি না।’
 
ম্যাথিও বৃস্পতিবার স্থানীয় সময় রাত আটটায় গ্রান্ড বাহামা দ্বীপের অদূরে অবস্থান করছিল এবং ঘন্টায় ১৩ মাইল বেগে ফ্লোরিডা ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছিল।
 
রাত দুইটার দিকে এটা পোর্ট সেন্ট লুসির অদূরে অবস্থান করার কথা। ফলে ফ্লোরিডার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো হুমকির মুখে পড়েছে। ওইসব এলাকায় ঘন্টায় ১৩০ কি.মি. বেগে ঝড়ো হাওয়া যা দমকা হাওয়ার আকারে ১৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছিল। এএফপি
 
 
ইত্তেফাক/এমএইচ