‘একটি মহল অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে’

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৪:৫৬
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত হওয়ায় দেশে শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
 
শুক্রবার সকালে নগরীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মাহবুবুল আলম হানিফ বলেন, শুধু ধর্মীয় উন্মাদনা ও রাজনৈতিক স্বার্থ হাসিলের কারণে একটি মহল দেশের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনকে ধ্বংস করার চেষ্টা করেছে।
 
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অশুভ শক্তিকে কঠোর হাতে দমন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশে ও বিদেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন।
 
তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অনেক উন্নত দেশ তাদের উচ্চ প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সফল হতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসাধারণ নেতৃত্ব ও বিচক্ষণতার মাধ্যমে তা মোকাবেলা করতে সমর্থ হয়েছেন।
 
মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস