তিন তালাকের বিরুদ্ধে ভারত সরকার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৯:২৮
তিন বার 'তালাক' শব্দ উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জেন্ডার সমতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে।
 
আদালতে সরকারের পক্ষ থেকে বলা হয়, 'জেন্ডার সমতা ও নারীর সম্মান নিয়ে দর কষাকষির কোন সুযোগ নেই।'
 
ভারতের মুসলিম পারিবারিক আইন থেকে তিন তালাকের বিধান বাদ দেয়ার দাবি অনেক পুরনো। মানবাধিকার ও নারী সংগঠন ছাড়াও মুসলিম নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ এই বিধান বাতিলের দাবি তুলেছেন।
 
তবে দেশটির ইসলামি নেতারা তিন তালাক বাতিলের বিরোধিতা করেছেন। মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত সর্বভারতীয় একটি সংগঠনের নেতারাও এই আইন সংশোধনের সুযোগ নেই বলে আদালতে বক্তব্য পেশ করেছে।
 
সংগঠনটির তালাক সংক্রান্ত বক্তব্য ইতিমধ্যে দেশটিতে সমালোচনা তৈরি করেছে। তারা বলেছিল যে 'স্ত্রীকে হত্যা করে পারিবারিক বিরোধ মিটানোর চেয়ে তালাক দেয়া ভালো।' নারী সংগঠনগুলো এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল তখন। সূত্র: হিন্দুস্তান টাইমস
ইত্তেফাক/এমএএস