দেশ আইন অনুযায়ী চলবে: আশরাফ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৯:৪৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'আইনের শাসনের দেশ হওয়ায় তা আইন অনুযায়ী চলবে।'
 
তিনি বলেন, 'এক দেশে দু'ধরনের আইন থাকতে পারে না। আমাদের দেশ আইনের শাসনের দেশ। আইনকে বাস্তবায়ন করতে হবে। কেননা আইন বাস্তবায়নের বিকল্প কিছু নেই।'
 
মন্ত্রী শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবি'র দু'দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
আইডিইবি'র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
 
সৈয়দ আশরাফুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে বলেন, 'আপনাদের সাথে আমার বৈঠকের দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হয় নি তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দরকার।'
 
এ ধরনের উদাহরণ সরকার রাখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, 'আপনারা সময় করে এ মিলনায়তনেই আলোচনার আয়োজন করুন। আমি এ আলোচনায় থাকব।'
 
এ বিষয়ে তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন হয় না তা দেখা উচিত। আর আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান বেরিয়ে আসবে।' এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন বলেও জানান।
 
মো. শামসুর রহমান তার লিখিত বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরে বলেন, 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং সরকারের আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ, চাকুরী ও বেতন কমিশনের সুপারিশ রয়েছে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস